লাল পতাকা মিছিল, আলোচনা সভা, স্মৃতিচারণ ও গণনাটক ‘শকুনের থাবা’ পরিবেশনসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ধনবাড়ী পৌর শহরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দর্জিপট্টি এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘নিজেরা করি’র অনুপ্রেরণায় গঠিত ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় আলোচনা সভাটি পরিচালিত হয়। এতে বক্তব্য দেন ‘নিজেরা করি’র সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী কলেজিয়েট মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মো. আশরাফ, দৈনিক যুগান্তরের সাংবাদিক এস.এম শহীদ, জেলা কৃষক নেতা ইকবাল হোসেন জুপিটার, ভূমিহীন সমিতি ও বাসদ নেতা আব্দুস সামাদ, জলিল, হায়দার আলী, জমিলা খাতুন, কৃষক মুক্তি সংগ্রাম পার্টির নেতা শরাফত আলী এবং সিপিবি নেতা আইয়ুব আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের অধিকার ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের সক্ষমতা তৈরি করাই ‘নিজেরা করি’র মূল দর্শন। সংগঠনটি প্রচলিত ত্রাণ বা সেবাদানের পরিবর্তে ভূমিহীন, প্রান্তিক জনগোষ্ঠী ও গ্রামীণ নারীদের সংগঠিত করে অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে ভিত্তি তৈরির পর ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে ‘নিজেরা করি’ আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ১৯৮২ সাল থেকে ধনবাড়ীতে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে যদুনাথপুর ভূমিহীন সাংস্কৃতিক দলের পরিবেশনায় শোষণ, বঞ্চনা ও অধিকার আদায়ের সংগ্রামের চিত্র তুলে ধরে গণনাটক ‘শকুনের থাবা’ মঞ্চস্থ করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!