কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহত অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।
নিহত অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ তুহিন (১৯) নামের এক যুবককে আটক করে। পরবর্তীতে আনাস নামের আরও একজনকে আটক করে এসআরবি। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, অপ্রতিমের সাথে থাকা মূল্যবান আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে এবং জড়িতদের আটক করা হয়েছে।
পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের কাছে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ঘেঁষা ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অপ্রতিমকে তাদের বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় দ্রুতই বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!