ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন আজ রোববার সকালে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ)-এর সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
আজ সকাল ১১টায় রুয়াপ এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় চাহিদার কথা তাঁর সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সংসদ সদস্য বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আদর্শ আবাসন এলাকা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রুয়াপের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে তিনি উত্তরা ১৫নং সেক্টর লেকে উপস্থিত হন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ সময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে দলমত নির্বিশেষে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!