পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকালে তার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘরে একাই ছিলেন জেসমিন বেগম। নির্জন পরিবেশের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায়। সকালে স্থানীয় এক কিশোর সুপারি পাড়তে এসে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনে গিয়ে খাটের ওপর তার বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের বেলা ঘরের পেছনের দরজা ভেঙে ঢুকে মালামাল লুটপাট করার সময় বাধা দেওয়ায় বা চিনে ফেলার কারণে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হতে পারে।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্তে সিআইডির দল আলামত সংগ্রহ করেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।