ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিএন্ডবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির একটি দল মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। উদ্ধার হওয়া মরদেহের ওড়নার সঙ্গে সিমেন্টের ভারী ব্লক ও ইট বাঁধা ছিল। পচে যাওয়ায় আঙুলের ছাপ না মেলায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিএন্ডবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহা জানান, অন্তত সাত দিন আগে ওই নারীকে হত্যা করে সিমেন্টের ব্লক ও ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!