চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন ফ্রিজে সংরক্ষণের অপরাধে মেসার্স সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তাকে সহায়তা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। অভিযানে হিজলগাড়ী এলাকার মো. আশরাফুল আলমের প্রতিষ্ঠান সুমি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ জীবন রক্ষাকারী ওষুধ ও রক্ত সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীদের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, যৌক্তিকমূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন ওষুধ ও শিশুখাদ্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!