সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস-এর সর্বশেষ ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ অনুযায়ী, বিশ্বজুড়ে ধনকুবেরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, তবে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অর্থনৈতিক বৈষম্য। 

২০২৫ সালে ব্যক্তিগত মোট সম্পদ ১০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত এক বছরে বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ মানুষ নতুন করে মিলিয়নেয়ারের (১০ লাখ ডলারের বেশি সম্পদের মালিক) তালিকায় যুক্ত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ধনকুবেরদের অর্ধেকেরই বাস যুক্তরাষ্ট্রে। তবে সম্পদের এই বিপুল প্রবৃদ্ধি সত্ত্বেও অধিকাংশ দেশে মধ্যবিত্তের সম্পদের পরিমাণ (‘মিডিয়ান ওয়েলথ’) কমেছে। অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে অর্থনীতিবিদ সল এসলেক জানান, ধনীদের সাথে মধ্যবিত্তের ব্যবধান এখন আগের চেয়ে অনেক বেশি। মূলত আবাসন সম্পত্তির মূল্য বৃদ্ধির কারণে অনেক মানুষ এই ধনকুবেরের তালিকায় নাম লিখিয়েছেন, যদিও তাদের প্রকৃত আয় বা ‘ডিসপোজেবল ইনকাম’ বাড়েনি।

অর্থনৈতিক বৈষম্য মাপার সূচক ‘জিনি কোএফিশিয়েন্ট’-এর তথ্যে দেখা যায়, ৫৬টি দেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বিরাজ করছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। তালিকার বিপরীতে সবচেয়ে কম বৈষম্যপূর্ণ দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে স্লোভাকিয়া। 

অস্ট্রেলিয়া গত বছর তাদের বৈষম্যের সূচক কিছুটা কমিয়ে (০.৫৩) উন্নতির দিকে থাকলেও, বৈশ্বিক সম্পদ বণ্টন এখনো অনেক দেশে চরম অসামঞ্জস্যপূর্ণ রয়ে গেছে।