জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদ হলরুমে 'মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোট'-এর উদ্যোগে এ বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক।

​মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোটের আহ্বায়ক ওস্তাদ আসাদুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোটের প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস এম শহিদ।

​আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের নানা দিক বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে বার্তা নজরুল দিয়ে গেছেন, তা বর্তমান সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ ও নতুন প্রজন্মের মাঝে কবির এই চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

​আলোচনা পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ অংশে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে স্থানীয় বিভিন্ন স্তরের সাংস্কৃতিক শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।