নাটোরের গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে নাজিরপুর ডিগ্রি কলেজের অডিটোরিয়াম কক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ লাবু ঘোষণা দিয়েছেন, গুরুদাসপুর উপজেলায় যদি একটি কলেজও সরকারিকরণ করা হয়, তবে সেই কলেজটি হবে নাজিরপুর ডিগ্রি কলেজ।
নাজিরপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ওয়াহেদ মুরাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে তিনি আরও বলেন, “নাজিরপুর ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলেজটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষকরাই একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনের মূল কারিগর। একজন শিক্ষকের আদর্শ ও শিক্ষা একজন শিক্ষার্থীর পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব।
দিবসটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এতে পুরো কলেজ চত্বর ও অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
নাজিরপুর ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ও ‘মাস্টার একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ রেজার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!