লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের চালানো দ্বিতীয় দিনের বিশেষ অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগরে ১৭ জন এবং ডিবি ২৩ জনকে আটক করে।

কিশোর গ্যাং কালচার, মাদক সেবন, মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটককৃতদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান।