সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের বাধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একপর্যায়ে হকার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।
পুলিশ সূত্র জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যায় বেপজা (BEPZA)। উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেন। বর্তমানে উক্ত সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাধা দেন এবং সড়ক অবরোধের চেষ্টা চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!