রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে উক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই ঘোষণা দেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, নির্দেশিত এই মূল সড়কে কোনো অবস্থাতেই হকার বসতে দেওয়া হবে না এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তারাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। নগরবাসীর চলাচলে স্বস্তি ফেরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বিকল্প হিসেবে কেবল রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্দিষ্টসংখ্যক নিবন্ধিত হকার বসতে পারবেন বলে জানান তিনি। নির্ধারিত স্থান, সময় ও সংখ্যার বাইরে নিয়ম ভাঙলে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়। হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক প্রায় এক ঘণ্টা উপস্থিত থেকে পল্টন মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।