২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণে নিম্নমানের কাগজ ব্যবহার এবং দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগে মান তদারককারী প্রতিষ্ঠান 'ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডি'-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রায় ৯ কোটি বইয়ের মান নিয়ন্ত্রণে নিয়োজিত এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অসাদুপায়ে ছাপাখানাকে ছাড় দেওয়ার প্রমাণ মিলেছে।

এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ আল ফেরদৌসের সই করা ওই নোটিশে আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, গত ৩০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ঢাকার আমুলিয়ায় অবস্থিত সরকার প্রেস পরিদর্শনকালে ব্যাপক অনিয়ম দেখতে পান। পরিদর্শনে নির্ধারিত মানের চেয়ে কম জিএসএম-এর (৭২ থেকে ৮২ পর্যন্ত) নিম্নমানের কাগজ ও নিউজপ্রিন্ট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক বইয়ের পাশাপাশি বেআইনিভাবে নোট ও গাইড বই ছাপানোর কাজও চলমান ছিল।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মান পরীক্ষাকারী প্রতিনিধি উপস্থিত থাকা সত্ত্বেও তদারকিতে চরম শিথিলতা ও দায়িত্বহীনতা প্রদর্শন করেছেন। চুক্তির শর্তভঙ্গ ও অবহেলার কারণে কেন প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিলসহ পিপিআর-২০২৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে এনসিটিবি।

তবে শোকজের বিষয় এড়িয়ে গিয়ে ইনফিনিটি সার্ভের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজীম মুনির দাবি করেন, তিনি কোনো নোটিশ পাননি এবং উল্টো তিনিই এনসিটিবিকে বিষয়টি অবহিত করেছিলেন। যদিও এনসিটিবি কর্তৃপক্ষ শোকজ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।