আবারও নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের খ্যাতনামা অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হতে চলার খবরটি নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময় বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শুভ সংবাদটি জানান তিনি।
প্রকাশিত ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউনে ক্যামেরার সামনে ধরা দেন মাহিরা। ছবির ক্যাপশনে খুব বেশি আনুষ্ঠানিকতা না রেখে তিনি লেখেন, "মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।" তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছাবাণীর ঢল নেমেছে।
চলতি টরন্টো চলচ্চিত্র উৎসবটি মাহিরার জন্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল। উৎসবের 'কমিউনিটি ইমপ্যাক্ট' কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিতও হয়েছেন তিনি।
ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এটি সেলিম-মাহিরার প্রথম সন্তান। এর আগে প্রথম স্বামী আলি আসকারির সংসারে মাহিরার ১৭ বছর বয়সী এক ছেলে রয়েছে, যার নাম আজলান।
পাকিস্তানি সিনেমা ও টেলিভিশনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মাহিরা খান একটি পরিচিত মুখ। ২০১৬ সালে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এছাড়া ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ এবং ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!