রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকবাবে এ মনোনয়ন ফরম বিক্রি প্রক্রিয়া শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে সংবিধানের বিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।