কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর যেকোনো উসকানি, অপতৎপরতা কিংবা ঝটিকা মিছিল রুখতে আগাম প্রতিরোধমূলক কঠোর কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর কোনো এলাকায় নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা ঝটিকা মিছিল হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি এই কঠোর নির্দেশনা দেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং থানার অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা সরাসরি ওসির দায়িত্ব। কোনো অবস্থাতেই অপরাধী বা নিষিদ্ধ সংগঠনের প্রতি শিথিলতা দেখানো যাবে না এবং দায়িত্বে অবহেলা করলে বাহিনীতে কাউকেই ছাড় দেওয়া হবে না।
অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার প্রচলিত ধারায় বদল এনে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের যৌথ সমন্বয়ে আগাম নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজপথের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির মূল লক্ষ্য এখন রাজপথের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা। এই লক্ষ্যে রাজধানীর প্রতিটি প্রবেশমুখে কঠোর 'ব্লক চেক', গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে 'জিরো-গ্যাপ সিকিউরিটি' এবং সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বহিরাগতদের সন্দেহজনক যাতায়াত রুখতে আবাসিক হোটেলগুলোতে অতিথিদের তালিকা নিয়মিত সংরক্ষণ ও যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে কোথাও কোনো বিশৃঙ্খলা দানা বাঁধতে না পারে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!