রাজধানীর উত্তরখানের তালতলা এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান রাত ১টা ৪০ মিনিটে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরখানের তালতলা এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় একটি স্থানে গোপনে বৈঠক চলার সময় যুবলীগের আট নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এই সময় আরও অন্তত ৩০ জন অজ্ঞাতনামা নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি মো. হাবিবুর রহমান জানান, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের নাম ও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।