নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে।
শনিবার রাতে রূপগঞ্জের পলখান এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম ও আলামীনসহ ১৫ থেকে ১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুলকে খুঁজতে পলখান বাজারে যায়। এ সময় বাবুলকে না পেয়ে তার কলেজপড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাত হোসেনকে একটি দোকানে বসা অবস্থায় পেয়ে তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে এলে সাত্তার নামে আরও এক যুবককে কুপিয়ে জখম করা হয়।
আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে আলতাফ হোসেন ডিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!