গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লং মার্চ’ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে এক উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্য শেষে লং মার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী লং মার্চের রুটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নারায়ণঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরসরাই এবং সবশেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে একটি বিশাল জনসভার মাধ্যমে এই লং মার্চ শেষ হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!