ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশে ১৪ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সরকার কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিধিনিষেধের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদে সুপেয় পানি সরবরাহের জন্য এক লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'কিশোর-কিশোরীদের নিরাপত্তার স্বার্থে বিশ্বের অনেক দেশই একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সাইবার সুরক্ষা কমিটি এ বিষয়ে আরও পর্যালোচনা ও চিন্তাভাবনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।'
শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য আমাদের কাছে প্রচুর চাহিদা রয়েছে। ইতোমধ্যে প্রায় দশ হাজার স্কুলে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো, এর মধ্যে অনেক ল্যাবই বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। অকেজো ল্যাবগুলো সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন ও উপসহকারী প্রকৌশলী আল আমিন প্রমুখ।