শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিবিড় যোগাযোগ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীর উত্তরখান মাজারে অবস্থিত উত্তরখান কলেজিয়েট স্কুলে এক জমজমাট অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের হলরুমে আয়োজিত এই সমাবেশে বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটি, শিক্ষক এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি এবং শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ আজাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন, সিনিয়ার শিক্ষক মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবার ও বিদ্যালয়ের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন সম্ভব নয়; এর জন্য অভিভাবকদেরও সমানভাবে সচেতন থাকতে হবে এবং নিয়মিত সন্তানের পড়ালেখার খোঁজখবর নিতে হবে।

অভিভাবকরাও উন্মুক্ত আলোচনায় তাদের বিভিন্ন মতামত ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন। স্কুল কতৃপক্ষ অভিভাবকদের প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মান আরও উন্নত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দেওয়া হয়। পুরো আয়োজনটি সফল করতে স্কুল পরিচালনা ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা বিশেষ ভূমিকা পালন করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়।