বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের ৮ দফা দাবি মেনে না নিলে তা এক দফার আন্দোলনে পরিণত হতে পারে এবং তখন আন্দোলন আরও কঠোর রূপ নেবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রচণ্ড রোদ ও গরমের মধ্যেও কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতির প্রশংসা করে জামায়াত আমির বলেন, "আপনাদের এই অবস্থা দেখে আমি গভীরভাবে আশ্বস্ত হয়েছি। আমরা এই আন্দোলনে বিজয়ী হয়েই ঘরে ফিরব।"
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই লংমার্চ ও পথসভা অনুষ্ঠিত হয়।