নিজেদের ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘসময় ধরে যুদ্ধ করায় গুরুত্বপূর্ণ এই মিসাইলের মজুতে টান পড়েছে রিয়াদের।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি।

মিসাইল ও ড্রোন আটকানোর জন্য মূলত ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছুড়ে আকাশে থাকা শত্রু ড্রোন বা মিসাইল ধ্বংস করা হয়।

এপি জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান এবং মিশরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে স্থাপনের অনুরোধ জানিয়েছে। যেন এগুলো দিয়ে হুথিদের হামলা প্রতিহত করা যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় তাদেরও ইন্টারসেপ্টর মিসাইলে ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি অন্য দেশগুলোর কাছে সহায়তার হাত বাড়াতে বাধ্য হয়েছে।

এদিকে গতকাল বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে, যা মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। তবে হুথিরা এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, সৌদি আরব ঘৃণ্য মিথ্যাচার করছে এবং সৌদি আরবে তাদের একমাত্র লক্ষ্য হলো তেল অবকাঠামো।

এখন পর্যন্ত আরব দেশগুলো সৌদি আরবের প্রতি শুধুমাত্র সহমর্মিতা জানিয়েছে, তবে সামরিকভাবে সহায়তার কোনো স্পষ্ট আশ্বাস দেয়নি।

সূত্র: এপি