উত্তরের সীমান্তঘেঁষা জেলা নীলফামারীতে হঠাৎ করেই দেখা দিয়েছে ঘন কুয়াশা। সেইসঙ্গে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু ভোরের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। দীর্ঘদিনের টানা গরমের পর দিনে রোদ বা বৃষ্টি থাকলেও রাত নামলেই ধীরে ধীরে হালকা শীত অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা, যা মধ্যরাতের পর আরও বেড়ে যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার এমন চিত্র দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাধারণত সেপ্টেম্বর মাসের শেষভাগে রাতে ও ভোরে হালকা কুয়াশা দেখা মিললেও এবার মাসের মাঝামাঝি সময়েই হঠাৎ চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। ভোরে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা যায়। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা দিলে কুয়াশা কেটে যায়।
জেলা সদরের বাসিন্দা আকরাম আলী বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে এমনটা দেখা গেলেও এবার মাঝামাঝি সময়েই শীতের আমেজ চলে এসেছে।” শহরের রিকশাচালক আলিম উদ্দিনও জানান, ভোরে গাড়ি নিয়ে বের হয়ে কুয়াশার কারণে দূরের জিনিস দেখতে তাদের সমস্যা হচ্ছিল।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত কয়েকদিন ধরে এই অঞ্চলে সকালের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বুধবার সকাল ৬টায় নীলফামারীতে সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে বলেও জানান তিনি।