আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিসভায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার এই আহ্বান জানান।
লংমার্চের কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে। পথিমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় মোট পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে এবং পরিশেষে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে। উদ্বোধনী সমাবেশে লাখো নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট শাখাসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে। দেশবাসী ও সর্বস্তরের নেতাকর্মীদের এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।