রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৫৫ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছয়তলা ভবনটির পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দূরুত্ব ও যাতায়াত জটিলতা অতিক্রম করে দুপুর ১টা ৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
গুরুত্বপূর্ণ ও কেপিআইভুক্ত এলাকায় হঠাৎ এই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়। শপিং মলের ব্যবসায়ী, কর্মচারী ও দর্শনার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে মানুষের ভিড় এবং জরুরি সেবার গাড়ি চলাচলের কারণে বিমানবন্দর সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এই ঘটনায় বিমানবন্দরের পাশের অত্যন্ত সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণ ও ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শনের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানানো সম্ভব হবে।