গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ সকল মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সংগঠনটি এসব দাবি তুলে ধরে।
তাদের ৫ দফা দাবি হলো: ১. গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার ও পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। ২. শ্রমিক নেত্রী ও মানবাধিকার কর্মী রোজিনা আক্তার সুমিসহ গ্রেপ্তারকৃত সব শ্রমিক ও শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি। ৩. মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার। ৪. শ্রমিকদের ওপর সকল প্রকার হয়রানি ও দমন-পীড়ন বন্ধ। ৫. গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া তাদের গণতান্ত্রিক ও আইনসম্মত অধিকার। অথচ এই আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও কারাবন্দি করার ঘটনায় শ্রমিক সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। কোনো শ্রমিক বা নেতা যেন অন্যায্য দমন-পীড়নের শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. এ. ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ।