ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলার হুমকি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের ওপর হামলার চেষ্টা ও ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোটটি।
গত শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি জোট। এ সময় জোটের বিমানবাহিনী ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করলে হুতি বিদ্রোহীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। হুতিদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় যে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড ঘটলে সৌদি আরবের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। এই হুমকির পরপরই সৌদি জোট কঠোর অবস্থানের কথা জানাল।
শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, হুতিরা মূলত ইয়েমেনের সাধারণ মানুষের ওপর নিজেদের নিপীড়নের ঘটনা থেকে জনগণের দৃষ্টি সরাতেই সৌদির বিরুদ্ধে এমন ভিত্তিহীন হুমকি দিচ্ছে।
এর আগে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদি আরবকে সতর্ক করে বলেন, “আমাদের আকাশসীমা লঙ্ঘন বা যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি করলে তার কঠোর জবাব দেওয়া হবে। এক্ষেত্রে সৌদি আরবের বিমানবন্দরসহ জল ও স্থলের সব গুরুত্বপূর্ণ স্থাপনা আমাদের লক্ষ্যবস্তু হবে।” তবে তিনি জানিয়েছেন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!