জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধূমালীবাড়ী এলাকার ঢাকাস্থ বাসিন্দাদের উদ্যোগে ‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’ নামে একটি নতুন সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

গত শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের রুফটপ ক্যাফেতে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ড. আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকাস্থ ধূমালীবাড়ীর স্থানীয় সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’ হিসেবে চূড়ান্ত করা হয়। একই সাথে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনা কাঠামো এবং কার্যক্রম পরিচালনার নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।

সংগঠন পরিচালনার জন্য ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ড. আমানুল্লাহ আমান সভাপতি এবং রাশেদ করিম সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ড. আমানুল্লাহ আমান বলেন, “ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।”

আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।