যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে আগস্ট মাসে রেকর্ড পরিমাণ আয় করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় আগস্টে পোশাক রপ্তানি ২৫ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৮১৭ মিলিয়ন ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে, যেখানে গত অর্থবছরের একই মাসে এর পরিমাণ ছিল ৬৫০ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই ও আগস্ট) মিলিয়ে দেশটিতে মোট ১ দশমিক ৬১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪২ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৮০৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের মাসিক গড় ৬৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। চলতি অর্থবছরের এই বাড়তি মূলত আগস্ট মাসের শক্তিশালী প্রবৃদ্ধির ওপর নির্ভর করেই অর্জিত হয়েছে। দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক জানান, শীতকালীন পোশাকের অর্ডারের কার্যাদেশ দেওয়ার শেষ সময় হওয়ায় আগস্টে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাংলাদেশি উদ্যোক্তাদের অন্তর্নিহিত সক্ষমতার কারণে প্রতিকূল পরিস্থিতিতেও রপ্তানি বাড়ানো সম্ভব হয়েছে এবং আগামীতে পণ্যের বৈচিত্র্য আনলে এই বাজারে রপ্তানি আরও বহুগুণ বাড়ানো যাবে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ও ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসানও একই মত প্রকাশ করে বলেন যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর যে সুযোগ তৈরি হয়েছে, দেশের উদ্যোক্তারা সফলভাবে তা কাজে লাগাচ্ছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!