ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পরের সময়ের জন্য ট্রাম্প প্রশাসন একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করছে, যা আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। মূলত এই পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতারা কিংবা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন। এছাড়া বৈঠকের পরিধি বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বৈঠকে অংশ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রাথমিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত তাদের দুজনের মধ্যে কোনো বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়নি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!