মাঠ পর্যায়ের ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার লক্ষ্যে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের জরুরি নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এই ডিভাইসের মাধ্যমে নিয়মিত হাজিরা দেওয়া নিশ্চিত করতে বলা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে জেলা প্রশাসকদের (ডিসি) নিজ নিজ জেলার অধীনস্থ অফিসগুলোতে এ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি দপ্তরগুলোতে কর্মপরিবেশ নিশ্চিত ও স্বচ্ছতা আনার অংশ হিসেবে সরকার ইতিমধ্যে ই-গভর্ন্যান্স কার্যক্রম জোরদার করেছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের বিলম্ব বা হয়রানি ছাড়া যথাসময়ে সেবা পান, সেজন্য কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।
এ কারণেই দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিভাইস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এসব ডিভাইসের ব্যবহার ঠিকঠাক হচ্ছে কি না, তা মনিটরিং করার নির্দেশও দেওয়া হয়েছে। পরিপত্রের অনুলিপি সব বিভাগীয় কমিশনার, ইউএনও, এসিল্যান্ড (ভূমি) এবং সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
প্রযুক্তিনির্ভর এই নজরদারির ফলে মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে শৃঙ্খলা ফিরবে, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মানুবর্তিতা বাড়বে এবং সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!