কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।

মতবিনিময় সভায় এমপি ফরিদা ইয়াসমিন আমির হামজার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, দলের সবুজ সংকেত পেলেই উক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা দায়ের করা হবে।

নিজের বক্তব্য তুলে ধরে ফরিদা ইয়াসমিন বলেন, “উনিও একজন সংসদ সদস্য, আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই নির্দিষ্ট মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান প্রদর্শন করে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের মূল অংশ।

”তাদের আচরণের একটা সীমানা থাকা উচিত উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, আমির হামজা তাকে এবং তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে চরম অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমির হামজার নিজস্ব দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন উপযুক্ত বিচারের দাবি জানান।

এদিকে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে নেমেছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এবং সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।

সম্প্রতি দৌলতপুর উপজেলায় এক সভায় বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলেন, সংরক্ষিত নারী আসনের এমপির কোনো সাংবিধানিক গুরুত্ব নেই এবং তিনি সরাসরি কোনো ভোটে নির্বাচিত হননি। আমির বলেন, “আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি, আর আপনার তো কোনো ভোট নেই।” এ সময় তিনি ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে আরও কিছু আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

একই সভায় আমির হামজা কুষ্টিয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিশেষ করে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে বিশেষ সুবিধাবাদীদের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন। তিনি ডিসি, এসপি, ইউএনও এবং ওসিসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের পছন্দের প্রতিনিধিকে বাদ দিয়ে এলাকা পরিচালনার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।