সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 'বিশ্ব বসতি দিবস ২০২৬' উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি উল্লেখ করেন, নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার রক্ষা ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সবার জন্য বাসযোগ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করা জরুরি।

রাষ্ট্রপতি বলেন, নগরগুলো শিক্ষা, সংস্কৃতি, উদ্ভাবন ও অর্থনীতির মূল কেন্দ্র হলেও দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ভূমির চড়া দাম, তীব্র যানজট, দূষণ ও আবাসন সংকটের মুখে পড়ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এই সংকট আরও প্রকট। এই বাস্তবতায় 'সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন' প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী।

তিনি জানান, সুবিধাবঞ্চিতদের আবাসন কর্মসূচি, জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরি, বিল্ডিং কোডের পরিপালন, ভূমির সঠিক ব্যবহার এবং স্মার্ট নগর ব্যবস্থাপনায় কাজ করছে সরকার। বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি অংশীজন, পেশাজীবী ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।