নাটোরের গুরুদাসপুরে ১০ হাজার টাকা লভ্যাংশ দাবি করে মারধর, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের ভুক্তভোগী রুহুল আমিনের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রুহুল আমিন, তাঁর বাবা আজাদ ও স্ত্রী ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দাদন ব্যবসায়ী রফিক ১০ হাজার টাকা লভ্যাংশ দাবি করে রুহুল আমিনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। পরে রফিকের ছেলে ওদুদ, ভাই শফিকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রুহুল আমিনের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিনি বেগম বলেন, হাতাহাতির একপর্যায়ে রফিক মাটিতে পড়ে গেলে তাঁর ছেলে ওদুদ ও ভাই শফিকসহ ৫-৬ জন বাঁশের লাঠি ও জিআই পাইপ নিয়ে রুহুল আমিনের বাড়িতে হামলা চালান। এ সময় বাধা দিতে গেলে রুহুল আমিনের মা ও স্ত্রীকেও মারধর করা হয়। একপর্যায়ে ওদুদ জিআই পাইপ দিয়ে রুহুল আমিনকে মারধর করলে তাঁর ডান হাত ভেঙে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে দাবি করেন মিনি বেগম।

এ ঘটনায় রুহুল আমিন গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার এসআই নাফিজ বলেন, উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।