টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বোয়ালী এলাকায় ভাড়া বা সা এলাকা থেকে শহিদুল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কাঠালিয়া থানা পুলিশের আবেদনে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বৃহস্পতিবার তাকে কাঠালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক শহিদুল হাওলাদার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাট গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ঝালকাঠিসহ দেশের বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কাঠালিয়া থানার একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
এর আগে ‘যায়যায়দিন’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে শহিদুল হাওলাদারের বিরুদ্ধে মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থের মালিক হওয়া এবং মধুপুরের বোয়ালী এলাকায় আত্মগোপনে থেকে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ১২টি মামলা থাকার কথাও উল্লেখ করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর ধরে শহিদুল বোয়ালী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। মাঝে মধ্যে প্রাইভেটকারে চলাচল করতেন এবং স্থানীয়দের সঙ্গে তেমন মিশতেন না। তবে এসব অভিযোগ অস্বীকার করে শহিদুল জানিয়েছিলেন, তিনি একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে আর ওই ব্যবসা করেন না।
কাঠালিয়া থানার ওসি রায়হান জানিয়েছিলেন, শহিদুল হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।
মধুপুর থানার এসআই সেলিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কাঠালিয়া থানা পুলিশের অভিযানে মধুপুর থানা পুলিশ সহযোগিতা করেছে। আটকের পর বৃহস্পতিবার শহিদুল হাওলাদারকে কাঠালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।