রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, বিসিএসসহ সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার থেকেই সরকার কাজ করছে। তবে ভেরিফিকেশনের জন্য নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, কেবল গুরুতর অপরাধ বা আদালতের সাজা থাকলে পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ার আশঙ্কা থাকে, যা একটি আইনি ও নিয়মিত প্রক্রিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজরব ও রাজনৈতিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবশিষ্ট ৪৬ জনের প্রজ্ঞাপন জারির কাজ চলমান রয়েছে এবং আগামী সোমবারে তা প্রকাশিত হতে পারে। এর মধ্যে ছুটির দিনেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।
শিক্ষার্থীদের উসকানি না দিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, রাজনৈতিক ফায়দা লুটতে যেন কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত বা উত্তেজিত না করা হয়। ভেরিফিকেশন নিয়ে কারো অভিযোগ থাকলে নিয়ম মেনে মন্ত্রণালয়ে আবেদনের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।