দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১ অক্টোবর (বৃহস্পতিবার) কেপ টাউনে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

৩০ সেপ্টেম্বর সরাসরি অংশগ্রহণের র‍্যাঙ্কিং কাটঅফ শেষ হওয়ার পরদিন ১ অক্টোবর এই ঘোষণা আসবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‍্যাঙ্কিংয়ের সেরা ৮টি দল সরাসরি মূল পর্বে খেলবে। বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত। অন্যদিকে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সেরা আটে থাকতে না পারায় পর পর তিনটি বিশ্বকাপে তাদের বাছাইপর্ব খেলে মূল পর্বে আসতে হবে। ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইপর্ব থেকে মূল পর্বের শেষ ৪টি দল নির্ধারিত হবে।

আগামী বছর অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ১৪ দলের এই ক্রিকেট মহাযজ্ঞের ফাইনাল ম্যাচটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আয়োজনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকার ৮টি, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার উইন্ডহক ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ১ অক্টোবর সূচি প্রকাশের পর টুর্নামেন্টের উদ্বোধনী তারিখ ও ভেন্যু নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটবে বলে ধারণা করা হচ্ছে।