ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপ নগরবাসীর ইতিবাচক সাড়া ও আস্থা অর্জন করেছে। গত ১ আগস্ট কার্যক্রম শুরুর পর থেকে দুই মাসে প্রাপ্ত মোট ১,৪৬১টি অভিযোগের মধ্যে ১,০২০টির সফল সমাধান করা হয়েছে এবং বাকি ৪৪১টি নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান জানান, অ্যাপটিতে নাগরিক সন্তুষ্টির গড় রেটিং ৫-এর মধ্যে ৪.৫ এবং প্রায় ৮৯ শতাংশ ব্যবহারকারী ইতিবাচক মতামত দিয়েছেন। পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ ছবি ও তথ্যসহ সহজে জানানোর সুবিধা থাকায় ডিএসসিসির সেবার গতি ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই অ্যাপস চালু করা হয়েছে। জনগণের এই আস্থা অব্যাহত রাখতে ভবিষ্যতে সিটি করপোরেশনের অন্যান্য নাগরিক সেবাসমূহকেও একই প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।