রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া জানান, জাসদ নেতাদের কাছ থেকে প্রাপ্ত কাগজপত্র ও নেতাকর্মীদের তালিকার ভিত্তিতে যাচাই-বাছাই সম্পন্ন করে বয়োবৃদ্ধসহ মোট ২৪৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। হেফাজতে থাকা বাকি ২৯ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ কর্মকর্তা সাকিবুল আলম আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেতাকর্মীদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছিল। জাসদের দলীয় কর্মসূচির অনুমতির বিষয়ে তিনি স্পষ্ট করেন, মিটিং করার আবেদন করা হলেও তার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া জাসদ কার্যালয়টি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এটি দখলের কোনো সুযোগ নেই। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
উল্লেখ্য, শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদের কার্যালয়ে গোপনে বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে যুবদলের নেতাকর্মীরা ভবনটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে প্রিজন ভ্যানে করে ভেতরের লোকজনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।