কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৫৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে টঙ্গী বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে টঙ্গীতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও সাংগঠনিক কর্মসূচি পালনের আহ্বান জানান এবং রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার ওপর গুরুত্বারোপ করেন।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল ও টঙ্গী পূর্ব থানা কৃষকদলের সদস্য সচিব আবুল কালামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।