প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতা।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ‘তুর্কি হাউসে’ এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী প্রেস সচিব জানান, বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্ককে বহুমাত্রিক রূপ দিতে অর্থায়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।