ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে চূড়ান্ত প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে চান না দলটির নীতিনির্ধারকেরা।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুহুল কবির রিজভী বলেন, "আজকের স্থায়ী কমিটির বৈঠকটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। সেখানে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।"
তিনি আরও জানান, উপনির্বাচনে লড়তে বিএনপির হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কৌশলগত কারণে চূড়ান্ত সিদ্ধান্তটি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।