দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নীতিনির্ধারণী নানা বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রীপরিষদের সদস্যরা অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রুহুল কবির রিজভী আহমেদ (ভারপ্রাপ্ত মহাসচিব)। গয়েশ্বর চন্দ্র রায় (স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য)। ড. আব্দুল মঈন খান (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী)। নজরুল ইসলাম খান (প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা)। সালাহউদ্দিন আহমেদ (স্বরাষ্ট্রমন্ত্রী)। আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনামন্ত্রী)। বেগম সেলিমা রহমান (সংসদ সদস্য)। আমান উল্লাহ আমান। ইসমাইল জবিউল্লাহ (প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা)। ডা. ফরহাদ হালিম ডোনার (বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা)।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পায়।