সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিক-নেতাদের নামে দায়ের করা মামলা বা অভিযোগ প্রত্যাহারের দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ‘ক্লথিং কার্নিভালস লিমিটেড’ নামের পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত শতাধিক শ্রমিক কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানার দুই শতাধিক শ্রমিকের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার প্রতিশ্রুতি দিয়েও তা না দেওয়ায় চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন তারা। এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হলেও সুরাহা হয়নি। উল্টো শ্রমিকনেতাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। সাব-কন্ট্রাক্টে চলা এই কারখানার মালিকপক্ষ যোগাযোগের চেষ্টা করেও সাড়া দিচ্ছে না বলে জানান আশুলিয়া শিল্প পুলিশ-১-এর সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দ্রুত সংকট সমাধানের দাবি জানান। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।