নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকার ওই ২০ শতাংশ জমি নিয়ে স্থানীয় মোস্তাক আহমেদ এবং প্রতিপক্ষ বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান ও অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শনিবার দুপুরে মোস্তাক আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা বিতর্কিত জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

এতে মোস্তাক আহমেদ, তাঁর ভাই গোফরান উদ্দিন, ভাবি পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী মোস্তাক আহমেদ হামলার পাশাপাশি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে, প্রতিপক্ষের বকুল মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, সংঘর্ষে তাঁদের পক্ষের চারজন আহত হয়েছেন এবং তাঁর ভাই রাসেল ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।