ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) খণ্ডিত ৬ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের একটি ঝোপের আড়াল থেকে অর্ধগলিত এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া স্ট্যান্ডের কাছে একটি ধানখেতের পাশে তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি কার্টন দেখতে পান পথচারীরা। কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টনগুলোর ভেতর বস্তাবন্দি অবস্থায় খণ্ডিত মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহতের শরীর মাথা থেকে বুক, বুক থেকে কোমর এবং দুই পায়ের চার অংশসহ মোট ৬ টুকরো করা হয়েছিল। এছাড়া শনাক্ত এড়াতে তাঁর দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান, সিআইডি, পিবিআই ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। সহকারী পুলিশ সুপার জানান, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান জানিয়েছেন, মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।