দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক মাঠপর্যায়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম, সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল এবং সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তাঁরা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এর আগে তাঁরা সেচ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর পরিচ্ছন্নতা অভিযানও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে এবং বছরজুড়েই এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কাজ চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবন বা অন্য কোথাও পানি জমে থাকলে অবহেলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ ও কারাদণ্ড দেওয়া হবে। তবে শাস্তির চেয়ে নাগরিক সচেতনতার ওপর তিনি বেশি জোর দেন।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, নিজেদের সুরক্ষার স্বার্থেই সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং এই বিশেষ অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।