স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফের (২৭) মরদেহ গাজীপুরের কালীগঞ্জে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা উত্তরগাঁও গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে আলিফ জীবিকার প্রয়োজনে স্পেনে পাড়ি দিয়ে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছিলেন।

গত ৩০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলার পালোস দে লা ফ্রন্তেরা এলাকার একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে ভেতরে আটকা পড়ে তার মৃত্যু হয়। গত ৪ সেপ্টেম্বর মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদে জানাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দেশে পাঠানো হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মরদেহ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।