পরিবেশ বিপর্যয় থেকে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালম।

তিনি বলেন, বায়ুদূষণ ও শব্দদূষণ রোধের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছের ভূমিকা অপরিসীম। সরকারের নির্ধারিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য সফল করতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন রোধের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দা ফাতেমা সালম বলেন, সরকার গঠনের শুরুতেই পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘পরিবেশ বাঁচাও, বৃক্ষরোপণ করো’ স্লোগানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবে। ঢাকার বায়ু ও শব্দদূষণ রোধে রাজধানীকে সবুজায়ন করার ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, গাছ কেবল ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক নয়, বরং এটি পুরো ঢাকাবাসী এবং বাংলাদেশের সামগ্রিক ভবিষ্যতের স্বার্থেই অপরিহার্য।

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘ ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই এই প্রতিষ্ঠানটি দেশের নারী শিক্ষায় অসামান্য অবদান রেখে আসছে। এই প্রতিষ্ঠানের সাথে নিজের আবেগ ও গর্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা নিয়ে বড় হওয়ার তাগিদ দেন।